স্পোর্টস ডেস্ক
ম্যাচ রেফারি জাগাভাল শ্রীনাথের কাছে আবেদন করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের দাবি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে একটি রান কেড়ে নেওয়া হয়েছে। ম্যাচটি ‘টাই’ হওয়ার পর সুপার ওভারে হারে পাঞ্জাব। ফ্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী সতীশ মেনন জানিয়েছেন, প্লে-অফের পথে এই হার তাদের জন্য বাধা হতে পারে। তাই বেছে নিয়েছেন আবেদনের পথ।
ম্যাচের অন্তিম মুহূর্তে ১৯ তম ওভারে আম্পায়ার নিতিন মেনন ‘শর্ট রান’-এর সংকেত দেন। তবে, টিভি রিপ্লেতে দেখা যায় দুই রান পুরো করেছেন ক্রিস জর্ডান। পাঞ্জাবের প্রধান নির্বাহী মন্তব্য করেন, আইপিএলের মতো এমন টুর্নামেন্টে এমন ভুল মানার মতো নয়। তিনি বলেন, ‘আমরা ম্যাচ রেফারির কাছে আবেদন করেছি। মানুষের ভুল হতে পারে এবং এটা আমরা বুঝি। তবে আইপিএলের মতো বিশ্বমানের টুর্নামেন্টে এই ধরনের ভুলের কোনো জায়গা নেই। এর জন্য আমরা প্লে-অফের টিকিট হারাতে পারি। হার তো হারই। এটা অন্যায়।’
