ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়ন প্রশিক্ষণ শুরু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৩

পদ্মা সেতু রেল-সংযোগ প্রকল্প

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ রেলওয়ের বাস্তবায়নাধীন পদ্মা সেতু রেল-সংযোগ প্রকল্পের (পিবিআরএলপি) প্রথম পর্যায়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অংশের পুনর্বাসন কার্যক্রমে ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ট্রেডে ৫৫০ জনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ‘প্রশিক্ষণ নেই, দক্ষ হই—আয় বাড়াই’ স্লোগান নিয়ে সম্প্রতি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্টের (সিএসসি) সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ডর্প প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

প্রশিক্ষণের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প ব্যবস্থাপক-২ ব্রিগেডিয়ার জেনারেল এম এম মোয়াজ্জেম হোসেন। গরু-ছাগল পালন, ওয়েল্ডিং ইলেট্রিক/ইলেকট্রনিক্স, মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং, সোলার প্যানেল স্থাপন ও মেরামত, বেসিক কম্পিউটার, কৃষি যন্ত্রপাতি মেরামত, সেলাই, গাড়ি মেরামত, ড্রাইভিংসহ মোট ১৫ ট্রেডে ১৮ দিনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।