খালেদা জিয়ার অকাল মৃত্যুর ব্যবস্থার অধিকার কারো নেই :নজরুল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিত্সায় অকালে দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যবস্থা করার অধিকার কারোর নাই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমরা মনে করি বেগম খালেদা জিয়া শুধু তিনবারের  প্রধানমন্ত্রী নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেত্রী। আমরা তথ্যমন্ত্রীকে বলব, খালেদা জিয়ার মুক্তি কিংবা কারাবন্দির সঙ্গে অন্যকিছুকে যুক্ত করাটা ঠিক হবে না। কারণ এটা অসুস্থতার বিষয়, চিকিত্সার বিষয়, রাজনৈতিক বিষয় না। তাই আমাদের রাজনীতির সঙ্গে তার সুচিকিত্সা এক করাটা এক ধরনের অপরাধ।

গতকাল সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া একটা বিচারে কারারুদ্ধ হয়ে আছেন। তিনি দারুণভাবে অসুস্থ, দেশ-বিদেশের সবাই তা জানেন। তার সুচিকিত্সা প্রয়োজন, এ নিয়েও কারো মনে কোনো দ্বন্দ্ব নেই। এই কোভিড-১৯ চলাকালে যখন বিমান পরিবহন বন্ধ ও কেউ কারো সঙ্গে দেখা করতে পারে না সেরকম সময় তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছে। বাসায় থাকার ফলে অন্তত উনার মানসিক কষ্টটা কিছুটা কমেছে।