সম্ভাব্য মেয়র-কমিশনার পদপ্রার্থীরা মাঠে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮

সারিয়াকান্দি পৌরসভা নির্বাচন

আমিনুল ইসলাম হিরু, সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা

সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনের তপশিল ঘোষণার কয়েক মাস বাকি থাকলেও সম্ভাব্য মেয়র ও কমিশনার পদপ্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। প্রার্থীরা পৌর এলাকার বিভিন্ন লোকালয়, হাটবাজার, মহল্লায় যাচ্ছেন। এ সময় তারা ভোটারদের সঙ্গে কুশল মিনিময় করছেন। তারা জনসেবা ও পৌর এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে একাধিক মেয়র পদপ্রার্থী, বিশেষ করে মামা-ভাগনে প্রার্থী হওয়ায় শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে ভোটারদের মধ্যে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রশিদ ফারাজি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, প্রয়াত এমপি আব্দুল মান্নানের সহোদর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম রাজু, এমপির ভাগনে পৌর আওয়ামী লীগের সভাপতি ও ব্যাংকার মফিজুল ইসলাম পটল, সাবেক মেয়র আব্দুল হামিদ সরদার ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আসগর মাস্টার।

বিএনপি দলীয় মেয়র পদপ্রার্থীরা হলেন সাবেক মেয়র টিপু সুলতানের স্ত্রী সাবিনা ইয়াসমিন বেবী, পুত্র অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, ফুল মিয়া ফকির ও মাহবুবুর রহমান রুস্তম সরকার। এদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডে কমিশনার পদে সম্ভাব্য বিভিন্ন প্রার্থীরও নাম শোনা যাচ্ছে। ১৯৯৬ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত সারিয়াকান্দি পৌরসভার ভোটারসংখ্যা ১৫ হাজার ২৭৯ জন। সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আলমগীর শাহী সুমন মেয়র নির্বাচিত হন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি সাহাদারা মান্নান বলেন, মামা-ভাগনে বুঝি না। নেত্রী ও দল যাকে মনোনয়ন দেবে, নৌকা মার্কা যিনি পাবেন, সবাই তার পেছনে খাটবেন। যারা বিরোধিতা করবে তারা নিজের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবেন। উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন বলেন, কোনো সমস্যা না হলে নির্ধারিত সময় আগামী ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে অফিশিয়াল কার্যক্রম চলছে।