মৃত্যুর সাড়ে তিন মাস পর কবর থেকে তোলা হলো লাশ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:১১

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

মাধবপুরের ইটাখোলা কবরস্থান থেকে সোমবার দুপুরে ইটাখোলা গ্রামের হেফজুর রহমান মাস্টারের ছেলে সাইফুর রহমান মোর্শেদের (৩০) লাশ মৃত্যুর সাড়ে তিন মাস পর কবর থেকে তোলা হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক মন্ডল, পিবিআই ইন্সপেক্টর শরিফ মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। গত ৮ জুন মাধবপুর থানা পুলিশ সাইফুর রহমান মোর্শেদের লাশ ফাঁস লাগানো অবস্থায় ইটাখোলা গ্রামে তার বসতঘর থেকে উদ্ধার করে। ঐদিনই তার বড় ভাই শফিকুর রহমান শামীম মাধবপুর থানায় মোর্শেদের স্ত্রী হাসিনা বেগম হাসিকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ হাসিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর শরিফ মো. রেজাউল করিম জানান, সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্টে গরমিল থাকায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে পুনরায় লাশ তোলা হয়েছে।