সাভারে হোটেল ও রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:১৮

ইত্তেফাক রিপোর্ট

সাভারে বিভিন্ন হোটেল ও রেস্টুুরেন্টে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল সাভারের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় অভিযান চালানো হয় । এ সময় ভোক্তা অধিকার আইনে সাধাপুর মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, লাইসেন্স না থাকায় দিগন্ত কোয়ালিটি ফুড অ্যান্ড পার্টি সেন্টারকে ১০ হাজার, সুমাইয়া ফুড অ্যান্ড প্যাস্টিকে ১০ হাজার, হাংরি লাভার্সকে ৭ হাজার, স্কাই ডেক্সকে ৮ হাজার, বন্ধন রেস্টুরেন্টকে ১৫ হাজার, পিত্জা হাটকে ১৫ হাজার, কেএফসিকে ২০ হাজার টাকা, গ্রিল গার্ডেনকে ১৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় রেস্টুরেন্ট মালিকদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে রেস্টুরেন্টের লাইসেন্স গ্রহণ করতে বলা হয়েছে। মনিটরিংয়ের এ অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানিয়েছেন।