আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের বিদায়ি সৌজন্য সাক্ষাত্ শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান।
ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় দেশের সড়ক অবকাঠামো উন্নয়ন, বিআরটিসির জন্য বাস ও ট্রাক এবং সড়ক উন্নয়নে যন্ত্রপাতি সংগ্রহে অর্থায়নের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। ২১ বছর দুই দেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেওয়াল ছিল তা এখন আর নেই। দুই দেশের সরকার এবং পিপল-টু-পিপল কন্টাক্ট বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত উদার এবং ভবিষ্যত্মুখী।
ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলে যে কোনো সমস্যার সমাধান সহজতর হয়। সীমান্ত সমস্যা ও ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যার সমাধান তারই উদাহরণ। সাক্ষাত্কালে দেশের সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্পসমূহ এগিয়ে নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য হাইকমিশনার মন্ত্রীকে ধন্যবাদ জানান। রীভা গাঙ্গুলি দাশ বলেন, দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। তিনি বাংলাদেশকে অনেক মিস করবেন বলেও বিদায় বেলায় জানান।
