ধর্ষণ মামলায় ঢাবির সাবেক ভিপি নুর আটকের পর মুক্ত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৮

ধর্ষণ মামলা দায়েরের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরকে আটক করার দেড় ঘন্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৮টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশ তাকে আটক করে। এর আগে নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে লালবাগ থানায় মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

লালবাগ থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, বাদী মামলায় অভিযোগ করেছেন, চলতি বছরের ৩ জানুয়ারি দুপুরে রাজধানীর নবাবগঞ্জ রোডের একটি বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে ঐ ছাত্রীকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে বিষয়টি জানেন এমন কয়েকজন ব্যক্তি ঘটনার সমাধান করতে চাইলে বিবাদীরা তাদের ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দেয়। ঘটনার পর শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় ঐ ছাত্রীর মামলা করতে দেরি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। এ মামলার অন্য আসামিরা হলেন ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর উত্তীর্ণ হাসান আল মামুন, নাজমুল হাসান, সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এদের মধ্যে মামুন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্ল্যাটফরম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। অন্যরা একই সংগঠনের কর্মী।

এদিকে মামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ। বিক্ষোভ সমাবেশ শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশ করে। সমাবেশে সাবেক ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ও নাদিম হাসান বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সাবেক ভিপি নুর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে অংশ নেন। সেখান থেকে সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে তিনটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ইত্তেফাককে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম।