২২ বছর আগে খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় খুলনার কুখ্যাত খুনি এরশাদ সিকদারের সহযোগী জয়নাল ওরফে জয়নাল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরেক সহযোগী রুস্তম আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের দণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান গতকাল সোমবার এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরশাদ সিকদারের দেহরক্ষী মামলার আসামি নূরে আলমের রাজ সাক্ষীর ভিত্তিতে এই দণ্ড দেওয়া হয়।
এদিকে এই মামলায় এরশাদ সিকদারের আরো দুই সহযোগী জামাই ফারুক ও ইদ্রিস জামাইকে খালাস দিয়েছে আদালত। তারা ২২ বছর ধরে কারাগারে আটক রয়েছেন। রায় ঘোষণার সময় তাদের আদালতে হাজির করা হয়। প্রসঙ্গত, অন্য একটি মামলায় ২০০৪ সালের ১০ মে এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এরশাদ সিকদারের বহু খুনের সাক্ষী নূরে আলম। তিনি ২০ বছর কারাগারে থাকার পর গত বছর আদালতের আদেশে মুক্তি পান। তিনি এর আগে একাধিক মামলায় রাজসাক্ষী হয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি বেলায়েত হোসেন। খালাস পাওয়া দুই জনের পক্ষে ছিলেন আইনজীবী আমিনুল গনি টিটো।
