সীমান্তে মিয়ানমারের সেনা মোতায়েন বন্ধে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩২

সীমান্তে মিয়ানমারের সেনা মোতায়েন থেকে বিরত থাকা ও রোহিঙ্গা নিপীড়ন থেকে বিরত থাকতে জাতিসংঘের সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে নিউ ইয়র্কের বাংলাদেশ মিশন চিঠি দিয়ে বলেছে, সীমান্তে মিয়ানমারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বাংলাদেশ উদ্বিগ্ন। মিয়ানমার চলমান পরিস্থিতিকে আরো উদ্বেগজনক অবস্থায় নেওয়া থেকে যেন বিরত থাকে এবং অভিযানের নামে যেন মিয়ানমার রোহিঙ্গা নিপীড়ন থেকে বিরত থাকে।

চিঠিতে বাংলাদেশকে না জানিয়েই সীমান্তে মিয়ানমারের সেনা মোতায়েন উল্লেখ করে, আন্তর্জাতিক সীমান্তের কাছে বেসামরিক ও সামরিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানে মিয়ানমারের যে প্রতিশ্রুতি তার প্রতি মিয়ানমারকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে সীমান্তে মিয়ানমারের মোতায়েন করা সৈন্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে বাংলাদেশ।

চিঠিতে বলা হয়, জাতিসংঘের উচিত মিয়ানমারকে স্মরণ করিয়ে দেওয়া যে, কোনো সামরিক অভিযান বা নিরাপত্তা অভিযান চলাকালে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্বের মধ্যে পড়ে।