জাতিসংঘে প্রথম ভার্চুয়াল বৈঠকে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৩

জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো হতে যাওয়া ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে আজ মঙ্গলবার ভোর ৪টায় প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। আগামী পহেলা অক্টোবর পর্যন্ত মোট সাতটি অনুষ্ঠানে ঢাকা থেকে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী কোভিড-১৯, রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন, লিঙ্গ বৈষম্য হ্রাস, অভিবাসী শ্রমিকদের অধিকার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান।

তিনি জানান, আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে মূল বক্তব্য দেবেন। সেখানে তিনি রোহিঙ্গা বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ বিষয়ে সাম্প্রতিক সময়ে আইসিজেতে চলমান মামলা এবং আইসিসিতে রোহিঙ্গা নির্যাতনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার কারণে জাতিসংঘের এবারের অধিবেশনে রোহিঙ্গা সমস্যা আগের বছরগুলোর মতোই গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।

এবারে ভার্চুয়াল বৈঠক হওয়ার কারণে কোনো সাইডলাইন বৈঠক হবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তিতে অনুষ্ঠিতব্য এই অধিবেশন যেমন বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বহুপাক্ষিকতাবাদের প্রাসঙ্গিকতাকে সামনে নিয়ে আসবে, তেমনি বিশ্ব নেতৃবৃন্দ আগামী বছরগুলোতে কী ধরনের জাতিসংঘ দেখতে চান সে বিষয়ে তাদের অভিমত, চিন্তাধারা ও পরিকল্পনা তুলে ধরবেন।

কোভিড-১৯ মহামারি দমনে রাষ্ট্রসমূহের সমন্বিত কার্যক্রম পরিচালনার বিষয়টিও প্রধানমন্ত্রী এবারের অধিবেশনে তুলে ধরবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী একদিকে যেমন কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত নানাবিধ পদক্ষেপের বিষয়ে আলোকপাত করতে পারেন, তেমনি এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য ও অগ্রগতি, নারী উন্নয়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের অনুসরণীয় কার্যক্রম, দারিদ্র্য বিমোচনে গৃহীত নানাবিধ পদক্ষেপ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দমন ও মাদকের বিস্তার রোধ, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, গণতন্ত্র ও সুশাসনের ধারা অব্যাহত রাখা ও সর্বোপরি বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের বিষয়ে বিশ্ববাসীকে অবহিত করতে পারেন।

‘শেখ মুজিব :এ নেশনস ফাদার’ বইয়ের

মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘শেখ মুজিব :এ নেশনস ফাদার’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। সোমবার সকালে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের আগে গণভবনে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সচিত্র বইটি প্রকাশ করেছে। বইটির উপদেষ্টা সম্পাদক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং বইটির সম্পাদক বদরুন্নেসা আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. নাসরিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।