করোনাকালে কোয়ারেন্টাইন শেষে কারাগারে থাকা ৮৩ প্রবাসী বাংলাদেশিকে কেন মুক্তি দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজি, কারা অধিদপ্তরের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
গত আগস্ট মাসে ভিয়েতনাম থেকে ৮১ জন এবং কাতার থেকে দুই জন প্রবাসী বাংলাদেশি দেশে ফেরেন। পরে বিমানবন্দর থেকে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর গত পহেলা সেপ্টেম্বর পাঠানো হয় কারাগারে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, অপরাধে জড়ানোর কারণে এরা বিদেশের জেলে ছিলেন। পরে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. সালাউদ্দিন রিগ্যান। তিনি নিজেই আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে।
