বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯১ জন মুক্তিযোদ্ধার স্বীকৃতি সংক্রান্ত গেজেট বাতিলের প্রজ্ঞাপন স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া বিমান বাহিনীর এক জনের গেজেট বাতিলের প্রজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। এ সংক্রান্ত পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল কাইয়ুম। তিনি জানান, গেজেট বাতিলের সিদ্ধান্ত আইনানুগ না হওয়ায় মুক্তিযোদ্ধারা সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট করেন। আদালত শুনানি নিয়ে বিজিবি ও বিমান বাহিনীর ১৯২ জনের ক্ষেত্রে গেজেটটি স্থগিত করে রুল জারি করেছে। এছাড়া তাদের ভাতাও দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৭ জুন ১ হাজার ১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার। ঐ গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের ১ হাজার ১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো। একই দিন বিমান বাহিনীর ৪৭ জন কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।
