রাজধানীর বংশালে মো. শুকুর আলী (৪৪) নামে এক ব্যবসায়ীর বুকে গুলি করেছে ছিনতাইকারীরা। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে বংশাল রোডের স্টার বেকারির সামনে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইয়ের সময় এক জনকে টেনে ধরায় অপর এক জন ছিনতাইকারী তাকে গুলি করে বলে জানা গেছে। তবে শুকুর আলী এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিত্সকরা।
শুকুর আলী জানান, বংশাল আলুবাজারে তার পুরোনো লোহার পাইপের ব্যবসা রয়েছে। পরিবারসহ থাকেন বংশালের কাজী আলাউদ্দিন রোডের একটি বাসায়। রবিবার রাতে যাত্রাবাড়ীতে ব্যাবসায়িক কাজ শেষ করে রিকশায় বংশালের আলাউদ্দিন রোডের বাসায় ফিরছিলেন তিনি। রিকশাটি স্টার বেকারির সামনে আসতেই মোটরসাইকেলযোগে আসা তিন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং রিকশাচালককে মারধর করতে থাকে। এক পর্যায়ে তারা শুকুর আলীর পকেটে থাকা সাড়ে ৮ হাজার টাকা ও গলার সোনার চেইন ছিনিয়ে নেয়। এসময় তিনি এক ছিনতাইকারীকে টেনে ধরলে অপর এক ছিনতাইকারী তার বুকে গুলি করে পালিয়ে যায়।
বংশাল থানার ওসি মো. শাহীন ফকির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
