সন্দেহের তালিকায় এবার দীপিকা!

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৪

সুশান্ত রাজপুত সিংয়ের আত্মহত্যার পর বলিউড তারকাদের অনেকে এসেছেন এনসিবির সন্দেহের তালিকায়। অনেককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এরমধ্যে জড়িয়ে গেছে মাদক। জানা যায়, সুশান্তকে সহকর্মীদের অনেকে মাদক সরবরাহ করতেন। সেই ইস্যু ধরে একে একে বলিউডের অনেকের নাম চলে আসছে মাদকচক্রের মধ্যে। 

এবার জানা গেল মাদক-যোগে দীপিকা পাডুকোনকে ডেকে পাঠাতে পারে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।

সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় মাদক-যোগে এনসিবি এরইমধ্যে জিজ্ঞাসাবাদের পর সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিককে গ্রেফতার করেছে। এবার সেই সূত্রে অন্যদেরও ডাক পড়ছে। সুশান্তের ঘটনায় ডাক পড়েছে সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরেরও।

তবে তালিকায় দীপিকার নাম এসে যাওয়া পুরো ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। যদিও এ দিনরাত পর্যন্ত দীপিকার তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

দীপিকার নাম এসেছে কারিশ্মা নামের একজনের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্রে। তাকে বুধবার এনসিবি ডেকে পাঠিয়েছে বলে খবর। তার নাম মিলেছে সুশান্তের ঘনিষ্ঠ জয়া সাহার সূত্রে। যাকে সম্প্রতি জেরা করেছে এনসিবি। কারিশ্মা কাজ করেন ‘কওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি’তে। সেই সূত্রেই তার দীপিকার সঙ্গে কথা হতো। কারণ মন্টেনার ওই সংস্থায় দীপিকার ম্যানেজার ছিলেন কারিশ্মা। ঘটনাচক্রে মন্টেনার একটা টলিউড যোগও আছে। তবে তার সঙ্গে মাদকের কোনো যোগ নেই। এদিকে দীপিকাকে ডেকে পাঠানোর সম্ভাবনার কথা ছড়িয়ে পড়তেই ফের সরব হয়েছেন কঙ্গনা।