কারণ ছাড়াই বেড়েছে কেয়া কসমেটিকসের শেয়ারের দাম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৮

এক মাস ধরেই টানা বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি কেয়া কসমেটিকসের শেয়ারদাম। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বাড়াকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। শেয়ারের দাম বাড়ার কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। এ জন্য গতকাল মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে, কেয়া কসমেটিকসের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।  তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২৫ আগস্ট কেয়া কসমেটিকসের প্রতিটি শেয়ার দাম ছিল চার টাকা। যা টানা বেড়ে ২১ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় সাত টাকায়। ডিএসই জানিয়েছে, ২০১৭ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। এরপর বিনিয়োগকারীদের আর কোনো লভ্যাংশ দেয়নি। যে কারণে ‘জেড’ গ্রুপে প্রতিষ্ঠানটির স্থান হয়েছে।