ওয়ালটনের লেনদেন কাল শুরু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৯

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নেওয়া ওয়ালটন হাইটেক পার্কের শেয়ার লেনদেন আজ বুধবার থেকে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, এন গ্রুপের আওতায় লেনদেন শুরু হওয়া ওয়ালটন হাইটেক পার্কের ট্রেডিং কোড হবে ‘waltonhil’ এবং কোম্পানি কোড ১৩২৪৮। গত ২৩ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় কোম্পানিটিকে আইপিওতে শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ফলে বুকবিল্ডিং পদ্ধতিতে ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি সাধারণ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ইস্যু করছে ওয়ালটন। এর মধ্যে ১৩ লাখ ৭৯ হাজার ৩৬৭টি সাধারণ শেয়ার যোগ্য বিনিয়োগকারীরা বিডিংয়ে তাদের প্রস্তাব করা দামে কিনেছেন। বাকি ১৫ লাখ ৪৮ হাজার ৯৭৬টি সাধারণ শেয়ার ২৫২ টাকা মূল্যে সাধারণ বিনিয়োগকারীর (অনিবাসী বাংলাদেশিসহ) কাছে বিক্রির জন্য আইপিও আবেদন সংগ্রহ করা হয়। ৯ থেকে ১৬ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ার পেতে আইপিওতে আবেদন করেন বিনিয়োগকারীরা।

অর্থাত্, সাধারণ বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ছিল ৩৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার। এই শেয়ার পেতে বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৭৪ কোটি ৪৩ লাখ টাকার আবেদন পড়ে। এই হিসাবে আইপিওতে আবেদন বেশি পড়ে ৯ দশমিক ৫৯ গুণ, যে কারণে আইপিও বিজয়ী নির্ধারণে লটারি করতে হয়। ব্যবসা সম্প্রসারণ, ব্যাংকঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ মেটাতে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলনের জন্য গত ৭ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওয়ালটন হাইটেক পার্ককে বিডিংয়ে অংশ নেওয়ার অনুমোদন দেয়।