রুবেল-তাসকিনদের ব্যাটিং আনন্দ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:০৩

নিজের রুমে বসে অনুশীলন দেখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ক্রিকেটারদের তিন ভাগ করে আধ ঘণ্টার কঠোর ফিল্ডিং ড্রিল করানো হলো। ক্যাচ অনুশীলনই যেখানে প্রাধান্য পেল। বিসিবি একাডেমি মাঠে আইসোলেশনে থাকা নাঈম হাসান, খালেদ আহমেদরা বোলিং করলেন ব্যাটসম্যান সাইফউদ্দিনকে।

মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে গা গরমের ফুটবল খেলার পর ফিল্ডিং ড্রিল পরিচালনা করেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক, বোলিং কোচ ওটিস গিবসন ও ট্রেনার নিক লি। তারপরই মূলত আনন্দযজ্ঞে মেতে উঠলেন ক্রিকেটাররা। নেট সেশন শুরু হয় টেলএন্ডারদের দিয়ে। বোলারদের ব্যাটিংয়ের দিন ছিল গতকাল। 

তামিম ইকবাল রীতিমতো আম্পায়ারের ভূমিকায় দাঁড়িয়ে গেলেন। নেটে ব্যাটসম্যান তাইজুল ইসলাম। বোলারের ভূমিকায় মুশফিকুর রহিম, ইমরুল কায়েস। আরেক নেটে ব্যাটসম্যান রুবেল হোসেন, তাসকিন আহমেদ। বোলার ছিলেন ওটিস গিবসন, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান।

আম্পায়ার তামিমকে আবার ব্যাটিং কোচের ভূমিকায়ও দেখা গেল। তাইজুল, তাসকিনকে টিপস দিলেন। তাইজুলের শটে বাহবা দিল সবাই। মুশফিক-ইমরুল স্পিন বোলিং করলেন। পরে সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বিরাও হাত ঘোরালেন। তাদের সামনেই মারকাটারি ব্যাটিংয়ের প্রয়াস দেখালেন রুবেল-তাসকিনরা। রুবেল তো মাহমুদউল্লাহ-সোহানকে তীব্র গতির পুল শটে জবাব দিলেন।

শ্রীলঙ্কা সফরের অনিশ্চয়তাকে সঙ্গী করেই অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। সফর নিয়ে ভাবনাকে উড়িয়ে দিতে অনুশীলনে আনন্দের অনুসঙ্গ খুঁজতে হচ্ছে টাইগারদের। দিন শেষে বোলারদের ব্যাটিং সেশন নিয়ে গতকাল তাসকিন বলেছেন, ‘আজকে (গতকাল) আমাদের সব বোলারদের ব্যাটিং সেশন ছিল, তো উপভোগ করেছি। যদিও নেটে আমাদের বেশ টাফটাইম দিচ্ছিল থ্রোয়ার এবং বোলাররা। কিন্তু আসলে এ চ্যালেঞ্জগুলো নেওয়া শিখতে হবে আমাদের। ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে আমাদের উন্নতি করতেই হবে। তো আমরাও চেষ্টা করছি, আশা করি সামনে আমাদের টেলএন্ডাররা আরো ভালো করবে।’

করোনাকালে ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছেন তাসকিন। গত কিছুদিন নেটেও দুর্দান্ত বোলিং করছেন। গতকাল নিজের বোলিং নিয়ে ডানহাতি এই পেসার বলেছেন, ‘আগের থেকে ভালো রিদম আসছে এবং ভালো লাগতেছে। পেস এবং সিম পজিশন এসব নিয়েই কাজ করছি কোচদের সঙ্গে। আগের থেকে উন্নতি হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে আরো ভালো রিদম হবে। অ্যাকুরেসি, পেস, সিম পজিশন এগুলো আরো ভালো হবে আশা করছি।’