ত্রিদলীয় চ্যালেঞ্জ সিরিজ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:০৪

জাতীয় দলের শ্রীলঙ্কা সফর না হলে বিকল্প হিসেবে ক্রিকেটারদের নিয়ে ত্রিদলীয় এক সিরিজ আয়োজন করতে পারে বিসিবি।

গত ১৪ সেপ্টেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট করে তা বলে দিয়েছিলেন শ্রীলঙ্কার দেওয়া শর্ত মেনে সফর সম্ভব নয়। একই সঙ্গে শেষ পর্যন্ত সফরটি  না হলে ঘরোয়া ক্রিকেট আয়োজনে মনোযোগী হওয়ার কথাও বলেছিলেন বোর্ড সভাপতি। করপোরেট লিগ করার কথাও শোনা গিয়েছিল। গতকাল বিকেল পর্যন্ত শ্রীলঙ্কা সফর নিয়ে বলার মতো সুখবর আসেনি।

তাই লঙ্কা সফরের বিকল্প ঠিক করে রেখেছে বিসিবি। জানা গেছে, ক্রিকেটারদের তিনটি দলে ভাগ করে সিরিজ আয়োজন করা হবে। জাতীয় দল, ‘এ’ দল, এইচপি স্কোয়াডের চ্যালেঞ্জ সিরিজ খেলা হতে পারে। বর্তমানে জাতীয় দলের ক্যাম্পেই আছেন ২৭ ক্রিকেটার। এইচপি স্কোয়াডে রাখা হয়েছে ২৬ জন ক্রিকেটার। সবাইকে নিয়ে তিনটি দল গড়া হবে।

করোনা মহামারির কারণে এখনই স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ চালু করা কঠিন। জাতীয় ক্রিকেট লিগও সহসা মাঠে গড়াচ্ছে না। সেক্ষেত্রে অনুশীলনের মধ্যে থাকা ক্রিকেটারদের নিয়ে চ্যালেঞ্জ সিরিজ আয়োজনই সহজ বিকল্প।

এ ব্যাপারে জানতে চাইলে গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘তিন দলের সিরিজ হতে পারে। জাতীয় দল, ‘এ’ দল, এইচপি আছে। দেখা যাক, আগে শ্রীলঙ্কা সফরের কী ফয়সালা হয়।’