বৃষ্টি ও পাহাড়ি ঢল

মদনে তলিয়ে গেছে ২০ হেক্টর জমির আমনের চারা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৬

বর্ষণ ও পাহাড়ি ঢলে মগড়া নদীর পানি বৃদ্ধি পেয়ে মদন উপজেলার সদ্য রোপণকৃত নিম্নাঞ্চলের জমিতে পানি প্রবেশ করায় ২০ হেক্টর জমির আমনের চারা তলিয়ে গেছে। বাকি জমিও হুমকির মুখে রয়েছে। বর্ষণ ও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কৃষকেরা শঙ্কায় রয়েছেন।

আমনচাষি কৃষক ফতেপুর গ্রামের আলাল মিয়া, সাইতপুর গ্রামের জালাল উদ্দিন ও তরুণ মিয়া বলেন, ‘বোরো ধানের বাম্পার ফলন ও দাম ভালো পেয়েছিলাম। তাই বন্যায় বীজতলা নষ্ট হওয়ার পরেও অধিক দামে চারা কিনে অনেক আশা নিয়ে অন্যান্য বছরের তুলনায় অধিক জমিতে আমন ধান রোপণ করেছিলাম। বৃষ্টি ও পাহাড়ি ঢলে মগড়া নদীর পানি বৃদ্ধি পেয়ে রোপণকৃত ১০ একর জমির অর্ধেক তলিয়ে গেছে, বাকি জমিও হুমকির মুখে রয়েছে।’

ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম চৌধুরী জানান, মগড়া নদীর পানি বৃদ্ধি পেয়ে এই ইউনিয়নের কয়েকটি হাওরে গতকাল মঙ্গলবার হঠাত্ পানি প্রবেশ করে প্রায় ৫০ হেক্টর রোপণকৃত আমন তলিয়ে গেছে। শতাধিক হেক্টর জমি তলিয়ে যাওয়ার হুমকির মুখে রয়েছে।

তিয়শ্রী ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ জানান, গত কয়েক দিন আগে আমনবীজ তলিয়ে গেছে, এমনিতেই কৃষক বেশি দামে আমন রোপণ করেছেন, এর মধ্যে আবার ডুবে যাচ্ছে। এ নিয়ে কৃষকেরা খুবই দুশ্চিন্তায় আছেন।

মদন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হাছান বলেন, ‘বর্ষণ ও পাহাড়ি ঢলে মগড়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলায় সদ্য রোপণকৃত ২০ হেক্টর আমন জমি পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়েছি। আরো বহু জমি তলিয়ে যাওয়ার হুমকির মুখে রয়েছে। তবে আমার লোকজন মাঠে আছে। তারা এলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। এ বছর উপজেলায় ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন রোপণ করা হয়। আবহাওয়া অনুকূলে থাকলে আমনের বাম্পার ফলন হবে।’