লক্ষ্মীপুর সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন উত্পাদন করে এবং একই সঙ্গে ৩০ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করতে পারে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদার ব্যক্তিগত উদ্যোগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থাপনাটি স্থাপন করা হয়। এ সময় লক্ষ্মীপুরের ৪৯টি ইউনিয়নে দুস্থদের সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে অনুদানের ৯৮ লাখ টাকার চেক হস্তান্তর করেন মো. সামছুল হুদা।
