বরিশালে পাঁচ দফা দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে রিকশাভ্যান শ্রমিক ইউনিয়ন। বৃহত্তর বরিশাল রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যানারে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন হয়। মানবিক বিবেচনায় নগরীর বয়স্ক রিকশাচালকদের ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি প্রদান ও অসহায় শ্রমিকদের চিকিত্সা প্রদানসহ ছেলেমেয়েদের শিক্ষা ও বিবাহযোগ্য মেয়েদের জন্য পুনরায় কল্যাণ তহবিল চালু এবং প্রকৃত রিকশা শ্রমিকদের মহাজনি লাইসেন্স প্রদানসহ পাঁচ দফা দাবি জানানো হয়। বৃহত্তর বরিশাল রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মোতালেব মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সিনিয়র সহসভাপতি রুস্তুম আলী হাওলাদার, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ ও আ. ছালাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাকসহ অন্যরা।
বক্তারা সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে অসহায়-দুস্থ শ্রমিক শ্রেণির মানুষের আশ্রয়স্থল হিসেবে অভিহিত করে তাদের দাবির বিষয়গুলো বিবেচনার আহ্বান জানান।
