পুলিশ কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে অর্থ আদায়ের অভিযোগ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

পুলিশের ডিআইজি ও আট এএসপির নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে অর্থ আদায়ের অভিযোগে এক নারীসহ দুই জনকে আটক করেছে নীলফামারী ডিবি পুলিশ। আটককৃতরা হলো—প্রতারক চক্রের প্রধান মোস্তাফিজুর রহমান ওরফে বাবু ওরফে নীরব (৩৫) ও সুফিয়া বেগম। মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান।

তিনি বলেন, আটককৃত মোস্তাফিজুর নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের নামে ফেইসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে। গত ১২ সেপ্টেম্বর খুলনা ও যশোর জেলার বিভিন্ন মানুষকে ফেসবুক ম্যাসেঞ্জারে কল করে মামলার হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এছাড়াও সে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হারুন অর রশীদ এবং দিনাজপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলার এসপির নামে একইভাবে ভুয়া আইডি খুলে প্রতারণা করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেন তারা। সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ বি এম আতিকুর রহমান, অশোক কুমার পাল, ডিবি পুলিশের পরিদর্শক হারুন অর-রশীদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।