বরিশালে ছয় দফা দাবিতে মানববন্ধন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

বরিশালে ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ বরিশাল শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি কাজী আব্দুস ছালামের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বাকশিস সভাপতি অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল। আরো ছিলেন বাকশিস নেতা অধ্যাপক আমিনুল ইসলাম খোকন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কেন্দ্রীয় সহসভাপতি জিয়া শাহিনসহ অন্যরা।

ছয় দফা দাবিগুলো হলো—১০ম গ্রেডে বেতন প্রদান, পদবি পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরি বিধি অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ, কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সরকারি কর্মচারীদের মতো পদোন্নতি প্রদান ও ম্যানেজিং কমিটিতে প্রতিনিধিত্ব।