বন্যা ও করোনা ভাইরাসের পাদুর্ভাবে গাজীপুর সদর উপজেলার অন্যতম বৃহত্ ভাওয়াল মির্জাপুর হাট-বাজারের ইজারাদার ও ব্যবসায়ীরা আর্থিক দিক দিয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ অবস্থায় ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
সরেজমিনে ঐ বাজারে গেলে ইজারাদার ও ব্যবসায়ীরা জানান, গত মার্চ মাস থেকে বাজারের ব্যবসায়-বাণিজ্যের অবস্থা খুবই শোচনীয়। এর মধ্যে গত জুন-জুলাই মাসে দীর্ঘস্থায়ী বন্যায় বাজারের নিচু এলাকার সব দোকানপাট পানিতে তলিয়ে যায়। করোনা ও বন্যায় তাদের ব্যবসায়-বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় পরিবারপরিজন নিয়ে পথে বসার অবস্থা হয়েছে।
ভাওয়াল মির্জাপুর হাট-বাজারের ইজারাদার ও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুল গণি জানান, তিনি এক বছরের জন্য গত ফেব্রুয়ারি মাসে গাজীপুর সদর উপজেলা পরিষদ থেকে ৭১ লাখ টাকায় বাজারটি ইজারা নেন। করোনা ও বন্যার কারণে বাজারের নিচু এলাকার দোকানপাট পানিতে ডুবে যায়। ফলে বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে ইজারা বাবদ খাজনা আদায় করা যায়নি। বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আবু নাসির, আবদুস সাত্তার, সুলতান মিয়াসহ কয়েক জন জানান, বেসরকারি চাকরিজীবীসহ করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পর্যায়ের অনেককে সরকার সহায়তা দিলেও এ বাজারের কোনো ব্যবসায়ী প্রণোদনা বা আর্থিক সহায়তা পাননি।
