কুমিল্লায় পিস্তল ঠেকিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, আটক ১

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৩

কুমিল্লায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা ম্যানেজার ইব্রাহিম খলিলকে পিস্তল ঠেকিয়ে ৭ লাখ টাকা ছিনতাই হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার মুরাদনগর উপজেলার পদুয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মামুন মিয়া নামের এক যুবককে আটক করেছে। সন্ধ্যায় মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এজেন্ট ব্যাংকিং শাখা ইব্রাহিম খলিল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করে ঐ টাকা নিয়ে অটোরিকশাযোগে দারোরা এজেন্ট ব্যাংকিং শাখা উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে পদুয়া এলাকায় পৌঁছার পর অপর একটি অটোরিকশা হতে চার জন যুবক তার সিএনজিটির গতিরোধ করে। এ সময় অস্ত্রধারী যুবকরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।