গরিবের বাড়িতে হাতির পা!

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৩

স্ত্রী অনেক দিন ধরে অসুস্থ। লোকে বলে তাকে জিনে ধরেছে। স্ত্রী একের পর এক আবদার করে চলেছেন। আর তা পূরণ করতে গিয়ে এখন নিঃস্বপ্রায় স্বামী কৃষক দুলাল। স্ত্রীর সর্বশেষ দাবি কিনতে হবে হাতি। প্রিয়তমা স্ত্রীকে রক্ষায় দুলাল শেষসম্বল তিন বিঘা জমি বিক্রি করে কিনে আনলেন হাতি। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদরের পঞ্চগ্রামের রতিধর দেউতি গ্রামে।

স্ত্রীকে কৃষক স্বামীর হাতি উপহার দেওয়ার ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন তুলেছে। হাতি দেখতে প্রতিদিন শত শত কৌতূহলী মানুষ ভিড় করছেন দুলালের বাড়িতে। এটাকে তারা স্ত্রীর প্রতি স্বামীর বিরল ভালোবাসা হিসাবেই দেখছেন। তবে হাতি কেনার পর দুলালের স্ত্রী তুলশী রানী সুস্থ হয়েছেন কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। আবার অনেকে বিষয়টিকে অশিক্ষা ও কুসংস্কারের ফল বলেও মন্তব্য করেছেন। সরজমিনে রতিধর গ্রামে গিয়ে দেখা গেছে, হাতি ঘিরে জনতার উপচে পড়া ভিড়। বাড়িতে একটি টিনের ও একটি ছনের ঘর। চার বিঘা জমিতে ধান চাষ করে চলছিল দুলাল চন্দ্রের সংসার। ঐ গ্রামেরই তুলশী রানীর সঙ্গে তার বিয়ে হয় ২০ বছর আগে। তাদের রয়েছে এক পুত্র ও এক কন্যা সন্তান।

স্থানীয়রা জানান, বউয়ের ওপর ভর করা কথিত জিনের কথামতো এর আগে দুলাল হাঁস ও ঘোড়া কিনেছিল। এর পর আসে হাতি কিনে  দেওয়ার দাবি। স্ত্রীকে রক্ষায় আবাদি জমি ও বাড়ির গাছ-গাছালি বিক্রি করে ১৬ লাখ ৫০ হাজার টাকায় দুলাল কিনে আনেন হাতিটি। মৌলভীবাজার জেলা থেকে হাতিটি কেনা হয়েছে বলে তারা জানান।