ফেসবুকে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার মুফতি আলাউদ্দিন জিহাদির মুক্তির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ সুন্নতে ওয়াল জামায়াত। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক জসিম উদ্দিনের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য বিক্ষোভ মিছিল নিয়ে আসার সময় সুন্নতে ওয়াল জামায়াতের নেতাকর্মীরা লিংক রোডে বসে পড়েন। এ সময় তারা আলাউদ্দিন জিহাদির নিঃশর্ত মুক্তির দাবি জানান। অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
সমাবেশে বক্তারা বলেন, আলাউদ্দিন জিহাদিকে ঠুনকো একটি ঘটনার জন্য গ্রেফতার করা হয়েছে। যদি তাকে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আমরা বড় রকমের আন্দোলনে যাব। এদিকে আলাউদ্দিন জিহাদির শাস্তি দাবি করেছেন জেলা হেফাজতের আমির মাওলানা আব্দুল আউয়াল। গতকাল দুপুরে পঞ্চবটি আকবর কনভেনসন সেন্টারে আল্লামা শফীর স্মরণসভায় তিনি এ দাবি জানান।
প্রসঙ্গত, আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুর রশিদের করা মামলায় গত রবিবার সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে মুফতি আলাউদ্দিন জিহাদিকে আটক করে পুলিশ।
