বহিষ্কৃত কাউন্সিলর রাজীবকে অবৈধ সম্পদের মামলায় কেন জামিন নয় : হাইকোর্ট

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:১৪

রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার তারেকুজ্জামান রাজীবকে অবৈধ সম্পদের মামলায় কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে দুদকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক এবং আসামি পক্ষে শিউলি খানম ও এম ফেরদৌস আল বশির শুনানি করেন।

শুদ্ধি অভিযানের সময় গত বছরের ১৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘সুলতান’ খ্যাত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের তত্কালীন কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরপর ৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন। অনুসন্ধানে দেখা যায়, কাউন্সিলর থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ঐ পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদের বৈধ উত্স খুঁজে পাওয়া যায়নি। এই মামলায় গত ৬ ফেব্রুয়ারি তার জামিন আবেদন খারিজ করে দেয় ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত। ঐ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করে জামিন চান এই আসামি।