গাজীপুরে ডাকাত দলের পাঁচ সদস্য আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:১৪

গাজীপুরে চালককে কুপিয়ে আহত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার পর অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করেছে র্যাব-১-এর সদস্যরা। সোমবার রাতে মহানগরীর জোলারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—মো. আব্দুল্লাহ আল ফয়সাল (১৯), মেহেদী হাসান মোস্তাকিম (১৮), মো. আসলাম হোসেন (১৮), মো. সজিব মিয়া (১৮) ও মো. আলমগীর হোসেন (১৮)। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাটারীচালিত অটোরিকশা, চাপাতি, চাকু উদ্ধার করা হয়।

র্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত সোমবার রাতে মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে ডাকাতরা জোলারপাড় যাওয়ার জন্য ব্যাটারীচালিত অটোরিকশা ভাড়া করে। অটোরিকশা যোগে ইপসা গেটে আসার পর চালককে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে র্যাব জোলারপাড় এলাকা হতে ডাকাতদেরকে আটক করে এবং অটোরিকশাটি উদ্ধার করে।