করোনা পরিস্থিতির মধ্যে ‘এ’ এবং ‘ও’ লেভেল পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা। তাদের দাবি, ক্লাস মূল্যায়ন করে গ্রেড পয়েন্ট দেওয়া। এসব দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, করোনা পরিস্থিতির কারণে দেশের সব পাবলিক পরীক্ষা বাতিল করা হলেও ‘এ’ এবং ‘ও’ পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। বর্তমান মহামারির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে আমাদের পক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নয়।
ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরীক্ষা বাতিলে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
