তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) মামলায় জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের সাময়িক বরখাস্ত চিকিত্সক ডা. সাবরিনা আরিফ চৌধুরীর জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এই আদেশ দেন।
সাবরিনার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী সাইফুজ্জামান (তুহিন)। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।
গত পহেলা সেপ্টেম্বর এ মামলায় সাবরিনার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে মামলাটি ডিবিতে স্থানান্তর হওয়ায় জিজ্ঞাসাবাদ পিছিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে গত ১৪ সেপ্টেম্বর মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস সাবরিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
