সাভারের আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে সবুজ মিয়া নামে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার সঙ্গে থাকা জাহিদুল ইসলাম নামে অপর এক কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আশুলিয়া মোজার মিল এলাকার মহাসড়কের পাশের একটি ডোবা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
নিহত সবুজ লালমনিরহাট জেলার সদর থানার কাজী কলোনি গ্রামের মিছির আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আহত অপর কিশোর জাহিদুল ইমলামও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, নিহত সবুজ ও জাহিদুল গ্রামের বাড়ি থেকে রাগ করে সোমবার রাতে আশুলিয়ায় সবুজের বোনের বাড়ির উদ্দেশ্যে আসে। কিন্তু বাসা খুঁজে না পেয়ে তারা আশুলিয়ার মোজারমিল বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে। পরে রাতে কয়েক জন যুবক তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করে এবং পরিবারের সদস্যদের কাছে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে দুর্বৃত্তদের মারধরে সবুজ গুরুতর অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার দুপুরে তাদের দুই জনকে একটি ভ্যানে করে হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাস্তায় সবুজ মারা গেলে ঐ ভ্যানচালক গাড়িসহ তাদের রেখে পালিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
