ভোলায় নদীগর্ভে বিলীন হতে চলেছে চারতলা স্কুল ভবন 

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৮

ভোলার তজুমুদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর জহির উদ্দিনে চারতলা স্কুল ভবন কাম আশ্রয় কেন্দ্র নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল উচ্চ বিদ্যালয় নদীগর্ভে বিলীন হতে চলেছে। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার অজুহাতে টেন্ডারের মাধ্যমে ভবনটি সঠিক সময় অপসারণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন চরবাসী।

সূত্র জানায়, চরজহিরউদ্দিনের মানুষের আশ্রয় ও শিক্ষা ব্যবস্থা প্রসারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএসডিপি) ২০১০-১১ অর্থ বছরে দুই কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে। এই ভবনে ২০০৮ সালে প্রতিষ্ঠিত নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করে। ১৯৫ ফুট দৈর্ঘ্য ২১ টি কক্ষ বিশিষ্ট এই বিশাল ভবনে ২০১৭ সালে এমপিওভুক্ত হয়ে দুর্গম চরের ২১৬ জন শিক্ষার্থীকে ১২ জন শিক্ষক কর্মচারী সুনামের সাথে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখেন।

বর্তমানে মেঘনার তীব্র ভাঙনের কবলে পড়া এই বিশাল ভবনটিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক প্রক্রিয়ায় অপসারণ না করায় নদীগর্ভে বিলীন হতে চলছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বই, আসবাবপত্র ও সোলারসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি।

আরও পড়ুন: 'চীনে প্রত্যেক বিদেশি সাংবাদিকই থাকে 'কড়া' নজরদারিতে' 

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুন্নবী সিকদার বাবুল জানান, চরের মানুষের আশ্রয় ও শিক্ষার প্রসার অব্যাহত রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাউবি কর্মকর্তাসহ পরিদর্শন শেষে নিলামের মাধ্যমে অপসারণের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু নদী ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় ভবনের একাংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইত্তেফাক/এএএম