দেশে নতুন করে করোনায় মৃত্যু ৩৭, আক্রান্ত ১,৬৬৬ জন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৮

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরো এক হাজার ৬৬৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪ জনে। আর মোট আক্রান্ত হয়েছেন তিন লাখ ৫২ হাজার ২৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ১৬৩ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৬২ হাজার ৯৫৩ জন করোনা থেকে সুস্থ হয়েছে। ২৪ ঘণ্টায় ১০২টি ল্যাবে ১৩ হাজার ৯৭৭ টি নমুনা সংগ্রহ করা হলেও ১৪ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়।

বুধবার ( ২৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ৩৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে তিন হাজার ৯১৪ জন ও নারী এক হাজার ১৩০ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন ও ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছে।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে একজন ও সিলেট বিভাগে একজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৩৫ জন এবং বাড়িতে দুজন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। 

ইত্তেফাক/এসআই