রাহী করোনা আক্রান্ত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:০৬

তৃতীয় দফায় গত মঙ্গলবার নেয়া জাতীয় দলের ২৭ ক্রিকেটারের করোনা পরীক্ষায় একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি হলেন টেস্ট দলের পেস আক্রমণের মূল অস্ত্র আবু জায়েদ রাহী। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির মিডিয়া বিভাগ এই তথ্য জানিয়েছে।

বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘পেস বোলার রাহী কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ রিপোর্ট পেয়েছে। গাইডলাইন অনুযায়ী আইসোলেশনে রেখে তার চিকিত্সা চলবে এবং যথা সময়ে তার পরবর্তী পরীক্ষা হবে।’

এদিকে ঢাকার বাইরে থেকে এসে স্কিল ক্যাম্পে যোগ দেয়া ১১ ক্রিকেটার আইসোলেশনে ছিলেন। নেগেটিভ রিপোর্ট পেয়ে গতকাল ক্যাম্পে মূল দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ৮ ক্রিকেটার। করোনা আক্রান্ত রাহী ছাড়াও আইসোলেশনে রয়েছেন এবাদত হোসেন, সাইফ হাসান। আরও দুদিন পর তাদের আইসোলেশনের মেয়াদ শেষ হবে। আইসোলেশনে থাকা অবস্থায় গতকাল একাডেমি মাঠে বোলিং করেছেন এবাদত হোসেন।

আগামীকাল ক্যাম্পে বিরতি থাকবে। ক্রিকেটাররা বিশ্রামে থাকবেন এবং চতুর্থবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিবেন।