পশ্চিমের ছয় জেলায় আমন লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:০৮

চলতি মৌসুমে বোরো ও আউশ ধানের ভালো দাম পাওয়ায় এবারও ধান চাষে ঝুঁকেছেন স্থানীয় চাষিরা। তবে ভালো দাম পেলেও পশ্চিমের ছয় জেলায় এবার রোপা আমন চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে আবাদকৃত ফসলের অবস্থা ভালো বলে জানিয়েছে চাষিরা। তারা এখন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, যশোর জেলায় ১ লাখ ৩৮ হাজার ৫১০ হেক্টর, ঝিনাইদহে ১ লাখ ৪ হাজার ১২৮ হেক্টর, মাগুরায় ৬১ হাজার ৫৮৫ হেক্টর, কুষ্টিয়ায় ৮৮ হাজার ৮৬২ হেক্টর, চুয়াডাঙ্গায় ৩২ হাজার ৬৬০ হেক্টর ও মেহেরপুরে ২৫ হাজার ৯১৫ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। এবার এ অঞ্চলের ছয় জেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৫৫ হাজার ৬২৬ হেক্টর। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামের চাষি আহম্মেদ আলি জানান, এবার পাঁচ বিঘা জমিতে রোপা আমনের চাষ করেছেন। আবহাওয়া অনুকূল থাকায় ধানখেতের অবস্থা ভালো। বেশির ভাগ খেতের ধান থোড় অবস্থায় আছে। কিছুদিনের মধ্যে শিষ বের হতে শুরু করবে।

একই উপজেলার পাইকপাড়া গ্রামের চাষি আকমল হোসেন বলেন, এবার বৃষ্টির পানিতে আমন ধানের চাষ হচ্ছে। এতে খরচ কম হবে। মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের চাষি জিয়াউর রহমান বলেন, বাজারে ধানের দাম ভালো থাকায় চাষি ধান চাষে ঝুঁকছে। ফসলের অবস্থা ভালো বলে তিনি জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতীম সাহা বলেন, এবার রোপা আমনখেতে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ নেই। ধানের অবস্থা ভালো। আগাম চাষ করা খেতে শীষ বের হওয়ার পথে।