নগরীর রাস্তার নির্মাণ কাজ প্রতিদিনই পরিদর্শন করছেন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মেয়র গতকাল বুধবার নগরীর বান্দ রোডের আমতলার মোড় থেকে লঞ্চঘাট পর্যন্ত রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের অগ্রগতি ও প্রকল্পের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। মেয়র জানান, নির্মিত রাস্তার ৫ বছরের গ্যারান্টিসহকারে করা হচ্ছে। এই রাস্তার যে কোনো ধরনের সংস্কার কিংবা মেরামত প্রয়োজন হলে ঠিকাদার নিজ দায়িত্বে সেগুলো মেরামত করে দেবেন। এ সময় নগরীর সকল সড়ক পর্যায়ক্রমে নির্মাণ করা হবে বলে নগরবাসীকে আশ্বস্ত করেন মেয়র। বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি মেয়রের নির্দেশে বরিশালে সড়ক ও জনপদ বিভাগের সবচেয়ে বড় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এ রাস্তার নির্মাণ কাজ চলছে। তারা ৫ বছরের গ্যারান্টি দিয়ে সড়ক নির্মাণ করছেন। এই সময়ের মধ্যে সড়কে যে কোনো প্রকার সংস্কারের প্রয়োজন হলে ঠিকাদারি প্রতিষ্ঠান করে দেবে।
