চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর হাজরাহাটি-শিয়ালমারী পয়েন্টে এলজিইডির আওতাধীন ব্রিজটির সংযোগ সড়ক তৈরি না হওয়ায় স্থানীয়রা দুর্ভোগ পোহাচ্ছে। সংযোগ সড়কে বাঁশের পাটাতন দিয়ে চলাচল করছে এলাকাবাসি। দুই বছর আগে নির্মাণকাজ শেষ হওয়ার পরও চালু করা যাচ্ছে না ব্রিজটি। চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা জানান, সংযোগ সড়কের জন্য সরকারি জমির ওপর অবৈধ স্থাপনা আছে। সেসব সরিয়ে নিতে বলা হয়েছে। চুয়াডাঙ্গার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি-আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী পয়েন্টে ৯৬ মিটার লম্বা একটি ব্রিজের নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে। ৬ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সালের শুরুর দিকে ব্রিজটির নির্মাণকাজ শেষ হয়। ব্রিজ চালু না হওয়া প্রসঙ্গে এলজিইডি কর্তৃপক্ষ জানায়, ব্রিজের হাজরাহাটি গ্রামের অংশে সরকারি জমিতে রয়েছে অবৈধ স্থাপনা। কয়েকটি দোকানঘর ও একটি দ্বিতল ভবন রয়েছে। এগুলো অপসারণ করা না হলে সংযোগ সড়ক তৈরি করা যাচ্ছে না। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলকারীদের পত্র দেওয়া হয়েছে। সংযোগ সড়ক তৈরি জন্য আরো ৫১ লাখ ৭৩ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। অবৈধ স্থাপনার মালিক জাহিদুল ইসলাম বলেন, এসিল্যান্ড ও এলজিইডি অফিস থেকে আগে আমাদের স্থাপনার চার ফুট ভেঙে নিতে বললে তা ভেঙে ফেলা হয়। নতুন করে দিন পনেরো আগে মৌখিকভাবে আরো দুই ফুট ভেঙে নিতে বলছে।
হাজরাহাটি গ্রামের স্থানীয় বাসিন্দা শফিউদ্দিন বলেন, ব্রিজটির নির্মাণকাজ দুই বছর হলো শেষ হয়েছে। ব্রিজটির সংযোগ সড়ক তৈরি না হওয়ায় এটি কাজে আসছে না। এলাকাবাসী জানায়, ব্রিজটিতে সংযোগ সড়কের অভাবে অতিরিক্ত প্রায় আট কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এছাড়া, শিক্ষার্থীর স্কুল-কলেজে যাতায়াত, কৃষকের পণ্য পরিবহনসহ এলাকাবাসীর প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। সেতুতে ওঠার সময় আহতের ঘটনাও ঘটেছে।
নদীর দুই পাড়ের গ্রামবাসীরা আরো জানান, শিয়ালমারী, বটিয়াপাড়াসহ বিভিন্ন গ্রামের মানুষদের এই ব্রিজ পার হয়ে চুয়াডাঙ্গা কিংবা মেহেরপুরের দিকে যেতে হয়। ব্রিজের দুই পাশ রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা বলেন, ব্রিজ নির্মাণ শেষ হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। যা নিয়ে রবিবার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। আশা করি, শিগিগরই সমস্যরা সমাধান হলে সংযোগ সড়ক করা হবে।
