বর্ষা পেরিয়ে শরতের আগমন তবুও আকাশে আবহাওয়ার বিরূপ আচরণ। দিবারাত্রি ঝরছে অনবরত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে চরম অস্বস্তিতে পড়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ব্যবসায়ীসহ দিনমজুররা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি। পেটের দায়ে কিংবা বিশেষ প্রয়োজনে মানুষ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হলেও সেটিও সারতে পড়তে হচ্ছে নানান বিড়ম্বনায়। শহরের রাস্তায় খানাখন্দসহ গ্রামীণ কাঁচা রাস্তাগুলো পরিণত হয়ে মৃত্যুফাঁদে। সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রিকশা-ভ্যানচালক আব্দুল মজিদ, রমজান, আনিসুর বলেন, মঙ্গলবার রাত থেকে অঝোরে বৃষ্টির কারণে রিকশা-ভ্যান নিয়ে রাস্তায় বের হওয়া যাচ্ছে না। তবুও অনেকে পেটের দায়ে বৃষ্টিতে ভিজেই রিকশা-ভ্যান চালিয়ে যাচ্ছেন। দিনমজুর রহমত আলী বলেন, এমনভাবে বৃষ্টি হতে থাকলে কাজ করতে না পেরে অনাহারে দিনকাল পার করতে হবে।
