টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামী ব্যাংকের ১০ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা প্রশাসন নিরাপত্তার স্বার্থে উপজেলা সদরের ইসলামী ব্যাংকের শাখাটি লকডাউন ঘোষণা করেছে। বুধবার কলেজ রোডে ইসলামী ব্যাংক শাখায় গিয়ে দেখা গেছে, গ্রাহকরা লেনদেন করতে না পেরে ফিরে যাচ্ছেন।
ইসলামী ব্যাংক মির্জাপুর শাখার অফিসার মো. আলাউদ্দিন জানান, ইসলামী ব্যাংক শাখার ১০ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। প্রশাসন নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে শাখাটি লকডাউন ঘোষণা করেছে। ব্যাংক পরিচালনার জন্য কর্মকর্তা-কর্মচারী নেই বললেই চলে। গ্রাহকদের সাময়িক অসুবিধা হলেও নিরাপত্তার কারণে ব্যাংক বন্ধ রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক ও সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে আমানতকারী ও এলাকার জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে ইসলামী ব্যাংক মির্জাপুর সদর শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে।
