ধামইরহাটে যক্ষ্মা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে যক্ষ্মা বিষয়ে কমিউনিটি লিডার ও স্থানীয় বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
বিট পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা উপজেলার হরিঢালী ইউনিয়নে ১ নম্বর বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হরিঢালী বিট পুলিশিং কার্যালয়ে (পরিষদ চত্বরে) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত আশরাফুল আলম। এ সময় বক্তব্য রাখেন ১ নম্বর হরিঢালী ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি শেখ বেনজীর আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক রাজীব গোলদার প্রমুখ।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরণ সভা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়ার সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ঐ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার (মা ও শিশু) ডা. মো. গিয়াস উদ্দিন খান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রমুখ।
শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় কর্মশালার উদ্বোধন
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে দুই দিনব্যাপী উপজেলা পর্যায়ের কর্মশালার উদ্বোধন হয়েছে। বুধবার সকালে তালা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইনসিডিন বাংলাদেশ আয়োজিত উক্ত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
ফেনী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার
ফেনী প্রতিনিধি সংকটাপন্ন করোনা রোগীর চিকিত্সায় ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালকে প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল থেকে দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের হাতে প্রধানমন্ত্রীর এ উপহারসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। এসময় সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।
বরিশাল বিএম কলেজে অনলাইন পরীক্ষা শুরু
বরিশাল অফিস বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে একাদশ শ্রেণির অনলাইন বার্ষিক পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। মোট ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে এদিন ২৬১ জন ও দ্বিতীয় দিনে ২৭২ জন অংশগ্রহণ করেন। বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া জানান বেলা ১১টায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পরীক্ষা অনলাইনের মাধ্যমে বার্ষিক পরীক্ষায় পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় অংশগ্রহণ করছে।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম। আলোচনায় অংশ নেন থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইছাহাক আলী মানিক, অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু প্রমুখ।
হোমনা হাসপাতালে মা ও শিশু কর্নার উদ্বোধন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাসেবা নিতে আসা মা ও শিশুদের বিনোদনের মাধ্যমে বিশ্রাম ও নিরাপদে শিশুদের দুগ্ধ পান করার জন্য মা ও শিশু কর্নার উদ্বোধন করা হয়েছে। হোমনা ও তিতাস আসনের এমপি সেলিমা আহমাদের নিজস্ব অর্থায়নে এ কর্নার স্থাপিত হয়েছে। বুধবার তিনি নিজ হাতে বিভিন্ন খেলনাসামগ্রী সাজিয়ে এর উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাদারীপুরে নেতৃস্থানীয় ব্যক্তিদের ওরিয়েন্টেশন
মাদারীপুর প্রতিনিধি শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বুধবার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। আছমত আলী খান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুদ্দিন গিয়াস। জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
