টানা চার কার্যদিবস পতনের পর গতকাল বুধবার সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। টাকার পরিমাণে লেনদেনও কিছুটা বেড়েছে।
জানা গেছে, গতকাল ডিএসইর প্রধানসূচক ডিএসইএক্স ২ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭২ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক শূন্য দশমিক ৯১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৮৫ পয়েন্ট এবং সিডিএসইসি ১ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১২৫ দশমিক ৮৫, ১ হাজার ৭০৮ দশমিক ৪৮ এবং ১ হাজার ৫ দশমিক ১২ পয়েন্টে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ২০ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৮৯ দশমিক ৬৮ পয়েন্টে।
এদিকে গতকাল বুধবার থেকে পুঁজিবাজারে শুরু হয় ওয়ালটন শেয়ারের লেনদেন। পুঁজিবাজারের সার্কিট ব্রেকার আইন অনুযায়ী কোনো কোম্পানির শেয়ার প্রথম এবং দ্বিতীয় দিনে ৫০ শতাংশের বেশি বাড়তে পারবে না। লেনদেনের প্রথম দিনই শেয়ারদর ৫০ শতাংশ বা ১২৬ টাকা বেড়ে সর্বশেষ ৩৭৮ টাকায় শেয়ার লেনদেন হয়।
শেয়ারবাজার থেকে ৫২৩ কোটি টাকা নেবে রবি
শেয়ারবাজারে আসার অনুমোদন পেল মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রায় ৫২ কোটি ৩৮ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ৫২৩ কোটি টাকা সংগ্রহ করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোনো প্রিমিয়াম ছাড়া এই দামেই শেয়ার পাবে বিনিয়োগকারীরা। এরমধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে নেবে ৩৮৭ কোটি টাকা এবং কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে নেবে ১৩৬ কোটি টাকা। আর এটিই হলো দেশের শেয়ারবাজারের ইতিহাসে সর্ববৃহত্ আইপিও। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় গতকাল বুধবার এ অনুমোদন দেওয়া হয়। কোম্পানির ইস্যু ম্যানেজার হিসাবে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর মাধ্যমে দেশের শেয়ারবাজারে গ্রামীণফোনের পর দ্বিতীয় কোম্পানি হতে যাচ্ছে রবি।
ক্রিস্টাল ইনসিওরেন্সের আইপিও অনুমোদন
ক্রিস্টাল ইনসিওরেন্সের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি জানিয়েছে, ক্রিস্টাল ইনসিওরেন্স আইপিওতে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা পুঁজি উত্তোলন করবে। পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকা বিমা কোম্পানিটি পুঁজিবাজার ও এফডিআর-এ বিনিয়োগ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
