অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলার সাক্ষ্যগ্রহণ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২২:০৩

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন নৈশপ্রহরী সুখদেব।

গতকাল ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রবিউল আলম এ সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। সুখদেব অরিত্রীদের বাসার নৈশপ্রহরী। গত ২৩ আগস্ট এই মামলায় সাক্ষ্য দিয়েছেন অরিত্রীর মা বিউটি অধিকারী। তাকে জেরার জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করে দিয়েছে আদালত। ঐ দিন জেরা শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবিনা আক্তার দিপা।

২০১৮ সালের ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরে নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন অরিত্রী অধিকারী। পরে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন রাজধানীর পল্টন থানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি-শিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে মামলা করেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী।