প্রধান অভিযুক্ত মিজানের এক সহযোগী গ্রেফতার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৪১

সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায় (১৫) হত্যার ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমানের এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মানিকগঞ্জের আরিচাঘাট এলাকা থেকে ফেরি পার হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের সময় সে উপস্থিত ছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত সেলিম পালোয়ান (২৮) বাগেরহাট জেলার হাফেজ পালোয়ানের ছেলে। সে সাভারের ব্যাংক কলোনি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। নীলাকে হত্যার আগে মোবাইল ফোনে মিজানের সঙ্গে সেলিম পালোয়ানের অনেক বার কথা হয়েছে। তবে এখনো পলাতক রয়েছে হত্যাকাণ্ডের মূল আসামি মিজানুর রহমান।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নীলা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মিজানুরের সহযোগী সেলিমকে মঙ্গলবার রাতে মানিকগঞ্জের আরিচাঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সেলিম পালোয়ানকে সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হলে         দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

স্থানীয়রা জানায়, ব্যাংক কলোনি মহল্লার মাদকের স্পটগুলো নিয়ন্ত্রণ করে সাকিব ও শাকিল বাহিনী। তাদের সহযোগী ছিল সাগর, সুজন, পারভেজ, হানিফ, জয়, রাব্বি ও যাবেরসহ অর্ধশত বখাটে যুবক। এসব স্পটে ইয়াবা, হেরোইনসহ সব ধরনের মাদক বিক্রি হয়।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাতে নীলা রায়কে তুলে নিয়ে নির্যাতন শেষে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজান। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর নিহতের বাবা নারায়ণ রায় হত্যাকারী মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন।

সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি

স্কুলছাত্রী নীলা রায়কে ছুরিকাহত করে নির্মম হত্যার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক লিখিত বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে আরো বলা হয়, প্রতিদিন বিভিন্ন মিডিয়ায় ছিনতাইকারীর হাতে নিহত, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় হত্যাসহ নানা ধরনের হত্যাকাণ্ডের সংবাদ আমরা দেখি। কিন্তু সম্প্রতি নীলা হত্যায় আমরা খুবই মর্মাহত ও ভারাক্রান্ত। মূলত ইতিপূর্বে দেশে নারী-শিশু নিপীড়নের ধারাবাহিক ঘটনাবলির বিচারিক ব্যবস্থার দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে সারা দেশে নারী-শিশু, সংখ্যালঘু, আদিবাসীসহ সমাজের দুর্বল মানুষের ওপর নির্মমতা বেড়েই চলছে। আমরা নীলা হত্যার দ্রুত বিচার দাবি করছি ও সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি বিধানের দাবি জানাচ্ছি।