সৌদি থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর চেষ্টা

বাংলাদেশের পাসপোট থাকলে ট্রাভেল ডকুমেন্ট পাবে নইলে নয় :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৭

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ১৯৮০ সালে সৌদি আরব ৫৪ হাজার রোহিঙ্গাকে তাদের দেশে আশ্রয় দিয়েছিল। এখন তাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেড়েছে। অনেকের সেখানেই জন্ম এবং তারা আরবিতে কথা বলে। সৌদি সরকার এখন এই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চায়। তারা রোহিঙ্গাদের জন্য পাসপোর্ট ইস্যু করতে বলেছে। তবে আমরা বলেছি, তাদের কাছে বাংলাদেশের পাসপোর্ট বা কোনো কিছু থাকলে আমরা ট্রাভেল ডকুমেন্ট দিব। কিন্তু অন্য জায়গা থেকে গেলে আমরা দায়িত্ব নিব না। রোহিঙ্গাদের নিয়ে এ বিষয়টি সমাধানের জন্য পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। গতকাল বুধবার তিনি সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের তত্কালীন বাদশা স্বপ্রণোদিত হয়ে এবং রোহিঙ্গাদের দুর্দশা দেখে ৮০ ও ৯০-এর দশকে অনেক রোহিঙ্গাকে নিয়ে গেছেন। অনেকে সরাসরি গেছে। কেউ কেউ হয়তো বাংলাদেশ হয়ে গেছে। তিনি বলেন, এটি আমরা পুরোপুরি জানি না। এখন তারা বলছে ৫৪ হাজার রোহিঙ্গা সেখানে আছে। তারা বলছে, এদের কোনো পাসপোর্ট এবং কাগজপত্র নেই। তোমরা পাসপোর্ট ইস্যু করো। আমরা বলেছি, যারা আগে পাসপোর্ট পেয়েছে এবং তাদের পাসপোর্টের কাগজ যদি থাকে তবে আমরা নতুন পাসপোর্ট ইস্যু করব। কিন্তু এরা যদি আমাদের লোক না হয়, তবে আমরা নিব না।