দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণে নতুন তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৭ অক্টোবরের মধ্যে তা আদালতে দাখিল করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। একই সঙ্গে এই সময়ের মধ্যে ‘দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ অনুসারে নতুন আইনের খসড়া চূড়ান্ত করার বিষয়ে তথ্য আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান রিটকারী আইনজীবী ড. বশির আহমেদ। তিনি বলেন, মামলার শুনানিতে হাইকোর্ট উষ্মা প্রকাশ করেছে। আদালত বলেছে স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণ না হওয়ায় মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কারণ প্রতিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মূল্য তালিকা আলাদা।
