করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা বাতিল করে ক্লাস মূল্যায়নের মাধ্যমে গ্রেড পয়েন্ট দেওয়ার দাবি জানিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা। এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে তারা। গতকাল বুধবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্রাব) এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানায়, করোনা পরিস্থিতির কারণে দেশের সব পাবলিক পরীক্ষা বাতিল করা হলেও ‘এ’ এবং ‘ও’ লেভেল পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। ১ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। পরীক্ষা আয়োজন করতে ব্রিটিশ কাউন্সিল থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন দিলে এ পরীক্ষা শুরু করা হবে।
তারা বলেন, বর্তমান মহামারির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে আমাদের পক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নয়। পরীক্ষা হলে যতই স্বাস্থ্যবিধি মানা হোক না কেন সকলে করোনা ঝুঁকির মধ্যে থাকবে। তার সঙ্গে অভিভাবকরাও এ সমস্যার বাইরে থাকবেন না।
সংবাদ সংম্মেলনে উপস্থিত ছিল ম্যাপল লিফ স্কুলের ‘এ’ লেভেলের পরীক্ষার্থী চৌধুরী শামসুজ জামান, এ এফ এম আব্দুস রহমান, একাডেমিয়ার ‘এ’ লেভেল পরীক্ষার্থী রনক চৌধুরী, সিমরান চৌধুরী, ফাইয়াজ, সামনুন প্রমুখ।
