জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:২৮

রাজশাহীর বাগমারা উপজেলার পুঠিয়ায় ছাগল মারার অভিযোগে পরিবহন শ্রমিক আবু তালেবকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। গতকাল বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক, ড্রাইভার্স ইউনিয়ন ও বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের যৌথ সভায় এ দাবি জানানো হয়। রাজধানীর তেজগাঁয়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান বলেন, সড়ক-মহাসড়কে গৃহপালিত পশু চলাচল করার কথা নয়। চলন্ত গাড়ির সামনে হঠাত্ ছাগল এসে পড়লে শ্রমিকদের কিছুই করার থাকে না। ১০/১২ জন মিলে এক জন মানুষকে পিটিয়ে মেরে ফেলা পরিকল্পিত খুনের চেয়ে জঘন্য অপরাধ। অতিসত্বর শ্রমিক হত্যার সঙ্গে জড়িত সকল ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহম্মদসহ উপস্থিত অন্য নেতৃবৃন্দ। —সংবাদ বিজ্ঞপ্তি