ডাক বিভাগের মহাপরিচালক পদ থেকে সুধাংশু শেখর ভদ্রকে দ্রুত অপসারণের সুপারিশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুধাংশু শেখরের দুর্নীতি নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। তদন্তের ক্ষেত্রে তার স্ব-পদে বহাল থাকার বিষয়টিও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন কমিটির সদস্যরা। এছাড়া করোনা পজিটিভ থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টিও সন্দেহজনক বলে অভিমত প্রকাশ করা হয় বৈঠকে।
কমিটির সভাপতির অনুপস্থিতিতে বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সদস্য বেনজীর আহমদ। বৈঠকে কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ফাহ্মী গোলন্দাজ বাবেল, আহমেদ ফিরোজ কবির, নুরুল আমিন, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম ও অপরাজিতা হক অংশ নেন। বিশেষ আমন্ত্রণে যোগ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
বৈঠকে আইটি ভিলেজের জন্য বরাদ্দকৃত ভূমি সম্পর্কিত মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া টেশিশ কর্তৃক নির্মিত দোয়েল নামীয় ল্যাপটপের মান ও বাজারজাত করার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়। টেলিটকের কার্যক্রমকে আরো সম্প্রসারণের প্রতি গুরুত্ব দেওয়ার সুপারিশও করেছে কমিটি।
